১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 10:55 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মারা যাওয়া নিত্যনন্দ মণ্ডল (৪৭) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের  জে. খান স্বপন জানান, নিত্যনন্দ মণ্ডল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টায় তিনি মারা যান। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রভাব থাকবে। তবে এ বছর অতটা নেই। তাই রোগীর সংখ্যাও কম। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬০ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বরগুনা সদর হাসপাতালে ২৩ জন। এছাড়া বরিশাল সদর হাসপাতালে ৮, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮, পিরোজপুর সদর হাসপাতালে ৮, পটুয়াখালী সদর হাসপাতালে ৬, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ও ভোলা সদর হাসপাতালে ২জন চিকিৎসাধীন রয়েছেন। 

এছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬৭৭ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৬০৭ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। 

বিভাগে মারা গেছেন ১০জন। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯জন ও বরগুনায় একজনের মৃত্যু হয়েছে।