১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রুমা ও থানচির ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল

তবে এখনও প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটের বাইরে ভ্রমণ করা যাবে না।

রুমা ও থানচির ভ্রমণ নিষেধাজ্ঞা উঠল
রুমা উপজেলার বগালেক

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 02:15 AM

Updated : 26 Aug 2026, 01:08 PM

দীর্ঘ আড়াই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে খুলেছে বান্দরবানে রুমা ও থানচি পর্যটন কেন্দ্র। 

তবে এখনও প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটের বাইরে ভ্রমণ করা যাবে না। বৃহস্পতিবার জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত এবং ৬৯ ব্রিগেড বান্দরবান সেনানিবাসের পত্রের আলোকে ৬ জুন থেকে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ শর্তসাপেক্ষে বাতিল করা হল।

এর ফলে পর্যটকরা এখন থানচি থেকে মদক অভিমুখে তিন্দুমুখ এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতঙ্গী পর্যন্ত এলাকায় ভ্রমণ করতে পারবেন। এছাড়া রুমা উপজেলা থেকে মুনলাই পাড়াসহ বগালেক পর্যন্ত যেতে পারিবেন। 

এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে তিনটি শর্ত রাখা হয়েছে। ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়’ এসব স্থান ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ থাকবে। জেলা ও উপজেলার নিবন্ধিত ট্যুরিস্ট গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না এবং পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোষ্ট বা পর্যটক তথ্য সেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।

থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকা

থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড়পাথর এলাকা

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর সশস্ত্র তৎপরতার কারণে ২০২২ সালের অক্টোবরে রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলা ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে। 

পরে পর্যায়ক্রমে দুটি উপজেলা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেও রুমা ও থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ আড়াই বছর পর শুক্রবার থেকে রুমা ও থানচি উপজেলার অনুমোদিত এলাকায় ভ্রমণের সুযোগ উন্মুক্ত হল।