Published : 07 Sep 2026, 04:17 PM
মাগুরার শ্রীপুর উপজেলায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন।
গ্রেপ্তার দুজন হলেন- উপজেলার আমলসার গ্রামের শাহিন জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার।
রোববার রাতে উপজেলার কোদলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন বলেন, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে আমলসার বাজার এলাকার তিনটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৩২৮ বস্তা সার জব্দ করে।
এ ঘটনার পর শ্রীপুর থানায় মামলা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান জেনে তাদের গ্রেপ্তার করা হয়।
সার নিয়ে অবৈধ কারবার ও অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।