Published : 21 Mar 2026, 05:02 PM
দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার সকালে কুমিল্লা, ময়মনসিংহ ও নওগাঁসহ দেশের বিভিন্ন জেলার ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ জামাতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

কুমিল্লা
কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারী মো. ইব্রাহিম। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, “এ দেশ আমাদের সবাই মিলে সুন্দর করতে হবে। যেন আগামী প্রজন্ম একটি সুন্দর দেশ পায়।”

ময়মনসিংহ
ময়মনসিংহের নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের ইমাম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার দুই হাজার ৪৫০টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামাত শেষে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব বলেন, “মুসলমানদের ওপর নানা ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ সকলকে হেফাজত করুন।”

নওগাঁ
জেলার কেন্দ্রীয় ঈদগাহ নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি রেজওয়ান আহম্মেদ।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।