১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোলায় ড্রামে রাখা ৩২ কচ্ছপ উদ্ধার

আন্তর্জাতিক বাজারে কচ্ছপের মাংস ও খোলসের চড়া দাম থাকায় এগুলো পাচার করা হয় বলে জানায় বনবিভাগ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 11:59 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ভোলার চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৩২টি কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ।

শনিবার রাত ১০টার দিকে উপজেলা সদরের মাছবাজারের একটি দোকান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় বলে জানান বন কর্মকর্তা আবদুস সালাম।

উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সন্ধি ও করি কাইট্টা প্রজাতির কচ্ছপ রয়েছে। 

বনবিভাগ জানিয়েছে, এসব প্রজাতি বাংলাদেশে প্রায় বিলুপ্ত।

বনবিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা বন কর্মকর্তার নির্দেশনায় উপজেলা নার্সারি কেন্দ্রের ফরেস্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে একটি দল ওই দোকানে অভিযান চালায়। এ সময় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৩২টি কচ্ছপ উদ্ধার করা হয়। সব কটি কচ্ছপই জীবিত ছিল।

উদ্ধার করা কচ্ছপগুলো রোববার সকালে বনবিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে চরফ্যাশন উপজেলার চারটি স্থান থেকে কচ্ছপ পাচারের তথ্য তাদের কাছে আসছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। 

তিনি বলেন, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার ও পাচার নিষিদ্ধ। এরপরও দেশি-বিদেশি চোরাকারবারিরা ধুম, সন্ধি, করি কাইট্টা ও হলুদ কাইট্টার মতো প্রায় বিলুপ্ত প্রজাতির কচ্ছপ শিকার ও পাচার করে আসছে। 

আন্তর্জাতিক বাজারে কচ্ছপের মাংস ও খোলসের চড়া দাম থাকায় এগুলো পাচার করা হয় বলেও জানান তিনি। 

আবদুস সালাম বলেন, শনিবার রাতে উদ্ধার করা কচ্ছপগুলো সন্ধি ও করি কাইট্টা প্রজাতির। কচ্ছপগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক বা মামলা করা হয়নি।