Published : 25 Feb 2026, 02:42 PM
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন জানান।
নিহত ৫৫ বছর বয়সী মোজাম উদ্দিন শাহ ওই ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পরিবার বলছে, মোজাম মঙ্গলবার তার অটোরিকশা নিয়ে বের হন। রাতের কোন এক সময় কে বা কারা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে চলে যায়।
বুধবার সকালে এলাকাবাসী তার লাশ পড়ে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আফজাল বলেন, “প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।