সিরাজগঞ্জে গোয়ালঘর পুড়ে প্রাণ গেল ২ গরুর
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ইউএনও।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় একটি বাড়ির গোয়ালঘরে আগুন লেগে দুইটি গরু পুড়ে মারা গেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মিয়াপাড়ায় সোলেমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল আমিন জানান।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিদ্যুতের শটসার্কিট থেকে সোলায়মান মিয়ার গোয়ালঘরে আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়ে সেখানে থাকা দুইটি গরু মারা যায়।
সংবাদ পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করেছেন জানিয়ে ইউএনও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটিকে সরকারিভাবে ১৬ হাজার টাকা, ২ বান্ডিল ঢেউটিন, শুকনা খাবার ও কম্বল সহায়তা করা হয়েছে।
