Published : 29 Oct 2025, 09:57 PM
শেখ হাসিনা গণতন্ত্রকে ‘গোরস্থানে’ পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন।”
বুধবার দুপুরে নরসিংদী শহরের হেরিটেজ রিসোর্টে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, “যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মনে আতঙ্ক তৈরি করে, নদীর বালি, অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না।
“তবে সমাজে যারা সজ্জন, ভালো মানুষ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক এবং কৃষক বিএনপির সদস্য হতে পারবেন। এ ছাড়া হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, যারা জনপদ রক্তাক্ত করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।”
নির্বাচন নিয়ে জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “তাদের এক নেতা বলেছেন, নির্বাচন হতেও পারে, নাও হতে পারে। তাদের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে।”
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল এবং সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি।