Published : 09 Oct 2025, 08:46 PM
চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলা প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাপ্তাহিক প্রজন্মের আলোর সম্পাদক আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট নওগাঁর সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম, ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও সকালের সময়ের প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, এখন টিভির জেলা প্রতিনিধি আব্বাস আলী, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ হোসাইন, সহ-সভাপতি আশরাফুল নয়ন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা সভাপতি ও বিজয় টিভির জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক একে সাজু।
সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট নওগাঁর সভাপতি সাদেকুল ইসলাম বলেন, সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গল সলিমপুর এলাকায় এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজ রহমানের ওপর হামলা করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা।
সন্ত্রাসীরা তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ক্যামেরা ভাঙচুরসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। তবে এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। পুলিশ প্রশাসনের এমন নীরব ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।
অন্য বক্তারা বলেন- এই হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন জেলার সাংবাদিক সংগঠনগুলো। একই দাবিতে নওগাঁর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরাও মানববন্ধন করেছেন।
মানববন্ধন থেকে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান বক্তারা।