কুষ্টিয়া সীমান্তে সাঁতরে ৮ জনকে পুশ-ইনের চেষ্টা, ফেরাল বিজিবি
“বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়।”
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে সীমান্ত দিয়ে নদী সাঁতরে বিএসএফ আট জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে তা প্রতিহত করে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে জয়পুর বিওপির নিকটবর্তী ১৫২/১-এস সীমান্ত পিলার সংলগ্ন বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
ঠেলে পাঠানোর চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, চারজন নারী ও দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন বলে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ বলছেন, “বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করে এবং অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা সক্ষম হয় বিজিবি।”
তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে।
