Published : 27 Aug 2024, 09:41 PM
জাতির যেকোনো দুর্যোগে এদেশের আলেম-ওলামারা সবার আগে এগিয়ে আসেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জাতির যেকোনো দুর্যোগে এদেশের আলেম-ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের। বন্যা দুর্গতদের সাহায্যার্থে এদেশের আলেম-ওলামা ও বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছেন। আমি তাদের সাধুবাদ জানাই।
“বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। সবার সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো।”
বন্যায় নিহতের দাফনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বন্যায় যারা মারা গেছেন তাদের দাফনের বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।”
ধর্ম বিষয়ক উপদেষ্টা দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন।
এ ছাড়া তিনি সদর উপজেলার মধুপুর জামে মসজিদ এলাকায় ৩০০ প্যাকেটসহ মোট এক হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন৷
এ সময় জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।