১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেনাপোলে শোভাযাত্রা ও দোয়ার মধ্য দিয়ে মে দিবস উদযাপিত

শ্রমিক ইউনিয়নের দোয়া ও মোনাজাতে কর্মরত অবস্থায় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 07:15 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মরত হ্যান্ডেলিং শ্রমিকরা মে দিবস উদযাপন করেছেন।

শুক্রবার দিবসটি উপলক্ষে স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫) ও (৮৯১) এর উদ্যোগে আলাদাভাবে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

সকালে স্থলবন্দরের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। এতে হ্যান্ডেলিং শ্রমিক, বিভিন্ন পর্যায়ের শ্রমিক এবং শ্রমিক নেতারা অংশ নেন। 

শোভাযাত্রাটি বেনাপোল বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আবার বন্দরে ফিরে আসে। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন।

পরে বেনাপোল স্থলবন্দরের ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন (৯২৫) এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।

একই সময়ে শ্রমিক ইউনিয়ন (৮৯১) আলাদা কর্মসূচি করে। সেখানে সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং সাধারণ সম্পাদক লিটন হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের পরিশ্রমের ওপর দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তাই তাদের ন্যায্য মজুরি, অধিকার এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তারা বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। শ্রমিক-মালিকের বৈষম্য পুরোপুরি দূর না হলেও এই দিনটি শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়েছে। 

বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে বলেন।

আলোচনা শেষে দুটি শ্রমিক ইউনিয়ন দোয়া মাহফিল করে। এতে বিভিন্ন সময়ে কর্মরত অবস্থায় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেন। সেই আন্দোলনে গুলিতে কয়েকজন শ্রমিক নিহত হন। পরে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে শ্রমিক অধিকার আন্দোলন গড়ে ওঠে।

১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর ১ মে বিশ্বজুড়ে মে দিবস পালন করা হচ্ছে।