Published : 21 Apr 2026, 07:02 PM
গোপালগঞ্জে অবৈধভাবে পরিচালনা করা তিন ইটভাটা মালিককে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ।
জরিমানা পাওয়া ইটভাটাগুলো হলো- শেখ ব্রিকস, মোল্লা ব্রিকস ও গাজী ব্রিকস।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসব ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি স্কেভেটর দিয়ে কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।
এ সময় পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী হাকিম মো. সাজ্জাদ জাহিদ রাতুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ভাটা মালিককে নয় লাখ টাকা জরিমানা করেন বলে জানান মাহফুজুর রহমান।
বায়ু দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসেন সদস্যরা সহযোগিতা করেন।