২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পাল্টা ডিম ছোড়া হল প্রবাসী আওয়ামী লীগ নেতার শরীয়তপুরের বাড়িতে

অভিযোগ উঠেছে- যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ হাসান নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় জড়িত ছিলেন।

বিডিনিউজ২৪

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 11:55 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডিম ছুড়েছেন স্থানীয় কয়েকজন তরুণ-যুবক। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। 

তাই ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার রাতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে জাহিদ হাসানের পৈত্রিক বাড়ির দেওয়াল ও ফটকে পাল্টা ডিম ছোড়া হয়েছে। 

এ সময় বাড়িতে জাহিদ হাসানের স্বজন এক নারী ছিলেন।

বিষয়টি জানতে অ্যাডভোকেট রুহুল আমিনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, “জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছে, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাবো মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “যুক্তরাষ্ট্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী বাংলাদেশের বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন জাহিদ হাসান। তাই সেই ক্ষোভ হিসেবে তার দেশের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেছে ছাত্র-জনতা।”

পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”