১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভরা মৌসুমেও চালের দাম বেশি কেন, নোয়াখালীতে বিক্ষোভ

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

ভরা মৌসুমেও চালের দাম বেশি কেন, নোয়াখালীতে বিক্ষোভ
নোয়াখালীতে চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 07:53 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। 

‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য দেন খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের সম্পাদক নুরুল আলম মাসুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক ও কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ, এসএইচবিও এর প্রকল্প সমন্বয়ক আরাফাত হোসেন।

বক্তারা বলেন, বর্তমানে ভরা মৌসুম হওয়া সত্ত্বেও দেশে চালের দাম বিগত সব সময়ের চেয়ে বেশি। ফলে সাধারণ মানুষ খাদ্য সংকটে ভুগছে। চলমান মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের জীবনে সংকটাপন্ন অবস্থা তৈরি করেছে।

তারা বলেন, গেল কয়েক মাসে দেশে আমন ও বোরো উৎপাদন হয়েছে। কিন্তু দেখা গেছে, কৃষক সেই ধানের সঠিক মূল্য পাচ্ছেন না। অন্যদিকে একটি গোষ্ঠী কৃষি পণ্যের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে নিজেরা লাভবান হচ্ছে। 

এমন অবস্থায় কৃষি সংস্কার কমিশন গঠনসহ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।