Published : 22 May 2026, 04:47 PM
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার খবর জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার গভীর রাতে কুচলিবাড়ি ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি বলছে, বৃহস্পতিবার মধ্যরাতে মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় কাঁটাতারের বেড়া পার হয়ে একদল চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের সতর্ক করেন।
কিন্তু তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা ও বিজিবির দিকে অগ্রসর হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এতে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, “ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের বাধা দেয়। নির্দেশ অমান্য করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে।”
বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও চোরাচালান রোধে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।