১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনা শিপইয়ার্ডের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করে কমিশন।

খুলনা শিপইয়ার্ডের সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের খুলনা জেলা কার্যালয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 11:20 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে দুদকে এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- খুলনা শিপইয়ার্ডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত ইমরান, সাবেক জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এ এম রানা, সাবেক জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা এবং ঠিকাদার মো. সাইদুজ্জামান সাইদ।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এমভি সৃজনী নামে একটি লঞ্চ নিলামে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে তার দাখিল করা সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি করেনি এবং তার জামানত বাজেয়াপ্ত করেনি।

পরে নিয়মানুযায়ী দ্বিতীয় বার দরপত্র আহ্বান না করে একই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় লঞ্চটি বিক্রি করা হয়। অবশিষ্ট ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আসামিরা আত্মসাৎ করে।

দুদক জানিয়েছে, প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি এর ৪২০/৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করে কমিশন।

আসামিদের মধ্যে মতিউর রহমান বর্তমানে চট্টগ্রামের নিউমুরিং এলাকার নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যাট (কমোডর), নৌবাহিনীর সাবেক কমান্ডার এ এম রানা বর্তমানে অবসরে, নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন আনিছুর রহমান কমোডর পদ থেকে অবসরে গেছেন, নৌবাহিনীর কমোডর শওকত ইমরানও অবসরে গেছেন। 

এছাড়া ঠিকাদার মো. সাইদুজ্জামান সাইদ মেসার্স এস বি কনস্ট্রাকশন এর মালিক এবং খুলনা নগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্দা।