১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

পেছন থেকে একটি কভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

মুন্সীগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
মুন্সীগঞ্জের গজারিয়া থানা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:32 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রাইভেট কারে কভার্ড  ভ্যানের ধাক্কায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার রাত পৌনে ২টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির। 

নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০), তার মামী রাহেলা বেগম (৫০)। 

দুর্ঘটনায় আহত হয়েছেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কারটির চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

হাইওয়ে পুলিশের হুমায়ুন জানান, শুক্রবার রাতে ওই পরিবারের সদস্যরা প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। 

এ সময় গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিন জন মারা যান। খবর পেয়ে চালকসহ আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।”

তিনি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধারের পর পুলিশ ফাঁড়িতে রাখা রয়েছে। দুর্ঘটনায় জড়িত কভার্ড ভ্যানটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।