১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা: রাতে সাড়াশি অভিযানে মাদকসহ আটক ১০

আটকদের নাম প্রকাশ না করলেও অভিযানে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ টাকা গণনার যন্ত্র, ড্রোনসহ ধারালো অস্ত্র উদ্ধারের কথা বলেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 02:02 AM

Updated : 26 Aug 2026, 03:33 PM

নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় দুপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ র‌্যাব সদস্য আহত হওয়ার পর রাতে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।  

মঙ্গলবার রাতেই র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে মাসদাইরের পাশের এলাকা পশ্চিম দেওভোগের নূর মসজিদ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় ধারালো অস্ত্র ও টাকা জব্দ করা হয়। 

রাত ৯টায় শুরু হওয়া অভিযানে সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১০ জনকে আটকের তথ্য দিয়েছেন ব়্যাব-১১ এর উপঅধিনায়ক লে. কমান্ডার নাঈম উল হক।

আটক ব্যক্তিদের নাম প্রকাশ না করলেও অভিযানে নূর মসজিদ এলাকার দুʼটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, অন্তত ১০ লাখ টাকা, টাকা গণনা যন্ত্র, ড্রোনসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করার কথা বলেছেন তিনি। 

এর আগে দুপুরে র‍্যাবের একটি গোয়েন্দা দল মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় হামলার শিকার হয়। মাদক ব্যবসায়ীরা ৩ র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম করে।

আহতরা হলেন- র‌্যাব-১১ এর কর্পোরাল নাজিবুল, কনস্টেবল মাহি ও ইব্রাহিম। তাদের মধ্যে গুরুতর নাজিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে র‌্যাব। 

ঘটনার ঘণ্টাখানেক পরেই সেখানে ব়্যাব ও পুলিশের বিপুল সদস্য ঘটনাস্থল ও আশেপাশে অভিযান চালায়।

উদ্ধার হওয়া ধারাল অস্ত্র ও মাদক

উদ্ধার হওয়া ধারাল অস্ত্র ও মাদক

এরই ধারাবাহিকতায় থানা পুলিশের সহায়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দোতলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা নাঈম বলেন, “দেওভোগ নূর মসজিদ এলাকায় রাসেল ও রাশেদ নামে দুই ভাই মাদকের ডিলার। তারা এবং তাদের সহযোগী রাজু ও আরও কয়েকজন দীর্ঘদিন ধরে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। কক্সবাজার থেকে সরাসরি মাদক নারায়ণগঞ্জে এনে মজুদ রেখে খুচরা ও পাইকারি বিক্রি করতেন তারা।”

আটকদের মধ্যে রাসেল ও রাশেদ আছে কিনা তা বলেননি তিনি। 

জব্দ মালামাল ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেন নাঈম।