১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভ্যাট বাড়লেও অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা

মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2025, 05:24 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

কিছু পণ্যের ভ্যাট বাড়লেও তাতে সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেছেন, “সরকারের রাজস্ব প্রয়োজন। প্রচুর ভর্তুকিও লাগে। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না।” 

সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ বছরের অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে মন্তব্য করে খাদ্য উপদেষ্টা বলেন, এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল। সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ভাল ফসল হলে, ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না।

“অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা, দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে।” 

আলী ইমাম মজুমদার বলেন, “ওএমএস সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এরইমধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল পাবেন।”

খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “খাদ্য মন্ত্রণালয়ে কিছু অনিয়ম রয়েছে। সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে। ভবিষ্যতে এই অনুসন্ধান চলমান থাকবে।”

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল আলম উপস্থিত ছিলেন।