১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিয়ানমার থেকে পালিয়ে ‘আরাকান আর্মির বাংলাদেশি সদস্যের’ আত্মসমর্পণ

বিজিবি বলছে, ৩০০ মত আরাকান আর্মির সদস্য মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে।

মিয়ানমার থেকে পালিয়ে ‘আরাকান আর্মির বাংলাদেশি সদস্যের’ আত্মসমর্পণ
আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

যুদ্ধ পরিস্থিতির মিয়ানমারের রাখাইন রাজ্যের ক্যাম্প ছেড়ে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক সদস্য বাংলাদেশে এসে ভারী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন বলে বিজিবি জানিয়েছে। 

আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে জীবন। 

এসব তথ্য জানিয়ে সোমবার বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “সকাল ৯টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে মিয়ানমার থেকে অস্ত্রসহ ওই অনুপ্রবেশকারী বিজিবির কাছে আত্মসমর্পণ করেন। তার কাছে ছিল অত্যাধুনিক একটি বিদেশি একে-৪৭, ৫২টি গুলি ও দুটি ম্যাগাজিন।”

জসিম উদ্দিন বলেন, “আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গা সীমান্ত পার করে এসে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এ সময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেন।” 

বিজিবি কর্মকর্তা বলেন, “সীমান্তের ওপারে মংডুর একটি ক্যাম্প থেকে পালিয়ে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির আশঙ্কায় বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে, ৩০০ মত আরাকান আর্মির সদস্য মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারাও যেকোনো সময় পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে আত্মসমর্পণ করতে পারেন।” 

পালিয়ে যাওয়া ওইসব সদস্য বাংলাদেশি নাগরিক কি-না এমন কোনো তথ্য আত্মসমর্পণকারী বিজিবির কাছে দিয়েছে কি-না জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন, “তিনি সবাইকে চেনেন না, তাই এমন কোনো তথ্য দেননি। তারা ক্যাম্পে টিকতে না পেরে পালাচ্ছেন।” 

আত্মসমর্পণকারী ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান মোহাম্মদ জসিম উদ্দিন। 

এ ছাড়া সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।