২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে পুকুরে ভেসে উঠল ২ স্কুলছাত্রের মরদেহ

বেড়াতে গিয়ে তারা নিখোঁজ ছিল, বলছে পুলিশ।

নরসিংদীতে পুকুরে ভেসে উঠল ২ স্কুলছাত্রের মরদেহ
প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 05:03 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

নরসিংদীর পৃথক স্থানের পুকুর থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পলাশে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রাম ও শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো- নরসিংদীর পলাশে হাবিব মিয়া (১২) ও শিবপুরে সিফাত (৮)।

নিহত হাবিব জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং সিফাত শিবপুরের কুমরাদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। রাতে বেড়াতে গেছে ভেবে তার বাবা-মা তার খোঁজ রাখেনি। পরে শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুকুরে গোসলে নেমে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

পলাশ থানার এসআই রেজাউল করিম বলেন, “হাবিব নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“এ মৃত্যুর ঘটনায় পরিবার কাউকে সন্দেহ করছে না। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে হাবিব সাঁতার জানার পরও কিভাবে পুকুরের পানিতে ডুবে মারা গেল সেটি জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার। 

এদিকে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “নিজ বাড়ি থেকে আইয়ূবপুর ইউনিয়নের ঘোড়ারগাঁও গ্রামে ফুফা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যায় স্কুলছাত্র সিফাত। সেখানে যাবার পর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি স্বজনরা।

“শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়ারগাঁও গ্রামে রুহুল আমিনদের পুকুরে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ভাসতে দেখে। পুকুরে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন স্বজনরা।”