Published : 31 May 2026, 11:26 AM
নোয়াখালী সদরে ‘ইয়াবা সেবন ও জুয়ার আসর’ নিয়ে দুই বাড়ির কিশোরদের দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ, হামলায় এক গাছ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার রাতে সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রাম চন্দ্র ভট্টাচার্য।
নিহত মো. কামাল উদ্দিন (৫০) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেসি সরদার বাড়ির প্রয়াত মো. সোলাইমানের ছেলে।
গ্রামবাসীরা জানান, রামবল্লভপুর এলাকার মিনু হাজী বাড়ি ও লেসি সরদার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ‘জুয়া খেলা ও ইয়াবা সেবনকে’ কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে দুই বাড়ির কিশোরদের মধ্যে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে।
এক পর্যায়ে লেসি সরদার বাড়ির লোকজন মিনু মাঝি বাড়ির কয়েকজনকে আটক করে রাখে। পরে মিনু মাঝি বাড়ির লোকজন তাদের ছাড়িয়ে আনতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় মিনু মাঝি বাড়ির কিশোরদের মারধরে কামাল উদ্দিন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক রাম চন্দ্র ভট্টাচার্য বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।