হলফনামা: এনসিপির মিতুর বছরে আয় ৩ লাখ টাকা
পেশায় চিকিৎসক এ রাজনীতিকের নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ ৪০ হাজার টাকা।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় বার্ষিক ৩ লাখ টাকা আয়ের তথ্য দিয়েছেন।
পেশায় চিকিৎসক মিতুর নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ ৪০ হাজার টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদীসহ মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হলফনামায় আয়কর রিটার্নের যে তথ্য দিয়েছে এনসিপির এই প্রার্থী, তাতে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকার।
নগদ ছাড়াও ডা. মিতুর ব্যাংকে জমা রয়েছে ৫১ হাজার টাকা, স্বর্ণালঙ্কার রয়েছে ২০ ভরি, যার অধিগ্রহণকালীন মূল্য ৪৫ লাখ টাকা।
হলফনামায় সম্ভাব্য প্রার্থী ৩৬ বছর বয়সী মিতু বলেছেন, তার স্বামী মো. মাহবুবুর রহমানও পেশায় চিকিৎসক। তারা ঢাকার পশ্চিম মালিবাগে বসবাস করেন। মিতুর স্থায়ী ঠিকানা কাঁঠালিয়ার দক্ষিণ কৈখালী।
সর্বশেষ আয়কর রিটার্নের যে তথ্য দেওয়া হয়েছে, সেখানে তার স্বামী বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ৪৯ হাজার ৫৭৩ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৩১ হাজার ৪৫৭ টাকা। অপরদিকে মিতুর আয়করের ঘরে লেখা রয়েছে ‘শূন্য’।
মিতুর স্বামীর নগদ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। আসবাব রয়েছে ১ লাখ ২০ হাজার টাকার।
