খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ আটক ৩ ‘ইউপিডিএফ সদস্য’
আটকরা গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) সদস্য বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিলাক এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানান মাটিরাঙ্গা থানার ওসি মো. সাহেদ উদ্দিন চৌধুরী।
আটকরা হলেন- হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তারা গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সাহেদ উদ্দিন চৌধুরী।
