Published : 13 Apr 2026, 09:57 AM
চাঁদপুরের হাইমচর উপজেলায় দোকান থেকে জব্দ করা আড়াই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মেঘনা নদীর পশ্চিমে নীলকমল ইউনিয়নের ইশানবালা বাজার থেকে নিষিদ্ধ এই জাল জব্দ করা হয় বলে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ জানান।
অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক বলেন, রোববার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঈশানবালা বাজারের জয়নাল আবেদীনের দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা কারেন্ট জাল রাতেই হাইমচর নয়ানী কোস্ট গার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম দীপঙ্কর বারৈর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।