রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে জানান আইনজীবী।
রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় এক নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে আসামি জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক আরিফ হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী গোলাম মোস্তফা।
কারাগারে যাওয়া তানিয়া খাতুন (২২) বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে।
আইনজীবী গোলাম মোস্তফা বলেন, সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না বলে জানিয়ে তানিয়া বাবার বাড়িতে চলে যান।
পরে পরিবার ও স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় সাখাওয়াত হোসেন যৌতুক নিরোধ আইনে মামলা করেন বলে জানান তিনি।
গোলাম মোস্তফা বলেন, মামলার তদন্ত শেষে তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। এরপর লিগ্যাল এইডসহ বিভিন্ন মাধ্যমে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি।
এদিন দুপুরে আদালতে হাজির হয়ে তানিয়া জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেন জানান এই আইনজীবী।
