১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড

“গাড়িটিতে আগুন লাগার পর ভেতরে থাকা সবাই দ্রুত অক্ষত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।“

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 06:10 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে চলন্ত একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে।

বৃহস্পতিবার দুপুরে সাভার মুখী লেনে এ ঘটনা ঘটে বলে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

তিনি বলেন, “চলন্ত মাইক্রোবাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

প্রত্যক্ষদর্শীরা বলছে, দুপুরে মাইক্রোবাসটি সাভারের দিকে যাচ্ছিল। পথে চলন্ত গাড়িটির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন জ্বলতে দেখে চালক থামিয়ে দেন। এ সময় গাড়ির ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদে বেরিয়ে আসেন। 

মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাভার ফায়ার কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

“গাড়ির ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

তিনি বলেন, “তবে গাড়িটিতে আগুন লাগার পর ভেতরে থাকা সবাই দ্রুত অক্ষত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”