১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘দাঁড়িপাল্লায় ভোট চাইলেন’ নারী আনসার, দায়িত্ব থেকে প্রত্যাহার

ওই নারী গাইবান্ধা-৩ আসনে পলাশবাড়ী মহিলা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

গাইবান্ধার পলাশবাড়ীতে ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে, পরে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাইবান্ধা-৩ আসনের (পলাশবাড়ী) এ.এ.এস.বি.পি. মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শরিফা বেগম নামের ওই নারী আনসার সদস্য পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য।

ওই কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ওই আনসার সদস্য ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদেরকে প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।

ভোট দিতে আসা কয়েকজন ভোটারও অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাছে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যান্যদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ভোটগ্রহণ ফের শুরু হয়।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।