ভোলায় নিজ বাড়ির সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ
উদ্ধার লাশটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার এক সহসভাপতির।
ভোলা শহরে নিজ বাড়ির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ভোলা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকার নিজ বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জেলার এসপি শরীফুল ইসলাম জানান।
নিহত সাইফুল্লাহ আরিফ (৩০) ওই এলাকার বশির উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সহসভাপতি।
স্থানীয়রা জানায়, আরিফকে তার বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসপি শরীফুল ইসলাম বলেন, প্রাথমিভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
