Published : 23 Aug 2026, 12:24 AM
গাজীপুরের কাশিমপুরে একটি নিটিং কারখানায় নৈশপ্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মালিকপক্ষের দাবি, ১০-১৫ ডাকাত দেয়াল টপকে ও গ্রিল কেটে ভেতরে ঢোকে আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের আল আমিন বলেন, শুক্রবার গভীর ৩টার পর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার ‘মির্জা অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের বরাতে পুলিশ জানায়, ডাকাতরা ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র ও বিদেশি পিস্তল উঁচিয়ে কারখানার নিরাপত্তাকর্মীসহ পাঁচজনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে কারখানার ফটকের তালা কেটে ভেতরে থাকা প্রায় ৭ হাজার ৩৫০ কেজি সুতা এবং নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়।
কারখানার নিটিং সহকারী অপারেটর রাব্বি সাংবাদিকদের বলেন, “আমরা কারখানার ভিতরে ছিলাম। হঠাৎ ডাকাত দল ভেতরে প্রবেশ করে আমাদের হাত-পা বেঁধে ফেলে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”
কারখানার মহাব্যবস্থাপক আনিসুল হক সাংবাদিকদের বলেন, “গভীর রাতে আমাকে ফোন করা হয়েছিল কারখানা থেকে। মোবাইল চার্জে থাকায় আমি ধরতে পারিনি। আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে ডাকাত দল।”
গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারখানার সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় আশপাশের ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাকাত দলকে ধরতে কাজ করছে পুলিশ।”
কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের আল আমিন বলেন, শনিবার রাত সোয়া ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।