১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সিটি করপোরেশনের দুটি বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 08:50 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’। এটি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর ময়লাপোতা এলাকার বাড়িটির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা জড়ো হন। পরে তারা খুলনা সিটি করপোরেশনের দুটি বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করে।

এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সোহেলসহ আরও কয়েক ভাই থাকতেন। 

বাড়িটি ভাঙার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ অগাস্ট প্রথম দফায় বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল। সেদিন বাড়িতে কেউ ছিলেন না।

পরদিন গণ-অভ্যুত্থানের পর আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর বাড়িটিতে শুধু ইট–পাথরের কাঠামোই অবশিষ্ট ছিল।