১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে গরুর মাংস, দুধ ও ডিম

প্রতি কেজি দুধ ৭০ টাকা, মুরগির এক হালি ডিম ৩০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 02:12 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

রমজান উপল‌ক্ষে রাজবাড়ীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। 

বৃহস্প‌তিবার সকা‌লে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এ কর্মসূচির আওতায় প্রতি কেজি দুধ ৭০ টাকা, মুরগির এক হালি ডিম ৩০ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। 

প্রতি‌দিন ১০০ কে‌জি মাংস, ৫০০টি ডিম ও ৫০ লিটার গরুর দুধ সরবরাহ করা হ‌বে। একজন ব্যক্তি ১ কে‌জি মাংস, দুই হা‌লি ডিম ও ১ কে‌জি দুধ ক্রয় কর‌তে পার‌বেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, শুক্র ও শনিবার ছাড়া ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অস্থায়ী বিক্রয় কেন্দ্র চালু থাক‌বে। 

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কাছে প্রাণিজ আমিষ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।