খাগড়াছড়িতে যৌথ অভিযানে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ, আটক ৩
পুলিশ দাবি করেছে, ইউপিডিএফ সদস্যদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট-ইউপিডিএফের তিন সদস্যকে আটক করেছে। এ সময় এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানান রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন।
আটক ব্যক্তিরা হলেন- সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। তারা রামগড় ও গুইমারার বাসিন্দা।
পুলিশের দাবি, রনেল চাকমা ইউপিডিএফের ‘কালেক্টর’; অন্য দুজন সংগঠনের সদস্য।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইনের ভাষ্য অনুযায়ী, “অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। তখন সেনারাও পাল্টা গুলি চালায়। এতে সুইথোয়াই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
