২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রাথমিকের বৃত্তিতে বেসরকারি স্কুলের শিক্ষার্থীকেও অন্তর্ভুক্তির দাবি

“প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করে।”

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, অনিমেশ কুমার রায়, জুয়েল রানা, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, আবদুর সাফি, তন্বী দাস। 

আবেদ আলী বলেন, ২০০৯ সালে সরকার অনুমতি দেওয়ার পর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নিয়ে আসছে। ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে কিন্ডারগার্টেন ও সমমানা স্কুলকে বাদ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, অথচ প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেশের প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করে। এসব স্কুলে সারাদেশে প্রায় ১২ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

বক্তারা পরিপত্রটি প্রত্যাহার ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দেওয়ার দাবি জানান। 

শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে হস্তান্তর করা হয়।