Published : 14 Aug 2025, 09:13 PM
ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এ বি এম হাবিবুর রহমান কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে।
সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, বৃহস্পতিবার কন্টেন্ট ক্রিয়েটর কাফি নিজেই মামলাটি করেছেন। বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবাদীরা হলেন- ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন এবং বাগেরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ।
মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল বলেন, শাওন আকন তার ফেইসবুক পেইজ থেকে ১২ অগাস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করেন। একই দিন নাহিদ তার ফেইসবুক পেইজ ‘উজান টিভি’তে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান-সম্মান ক্ষুন্ন করা হয়।
কন্টেন্ট ক্রিয়েটর কাফি বলেন, ফেইসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।