১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারিকেলের চারা না দেয়ার অভিযোগে কৃষি কর্মকর্তাকে মারধর, আসামি বিএনপি নেতা

বরিশালের হিজলা উপজেলা কৃষি অফিস রোববার বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে প্রণোদনার নারিকেল গাছের চারা বিতরণ করে।

নারিকেলের চারা না দেয়ার অভিযোগে কৃষি কর্মকর্তাকে মারধর, আসামি বিএনপি নেতা
বরিশালে হিজলা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম মারধরে আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:48 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

বরিশালের হিজলায় নারিকেল চারা না দেয়ার অভিযোগ তুলে এক কৃষি কর্মকর্তাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

সোমবার হিজলা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম থানায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন হিজলা থানার পরিদর্শক জাহিদুল আলম। 

মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান, তার ছেলে হিজলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম জিসান দেওয়ানসহ সাতজনকে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার সকালে উপজেলার বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে প্রণোদনার নারিকেল গাছের চারা বিতরণ করে হিজলা উপজেলা কৃষি অফিস। ওই বিতরণ নিয়ে খুন্না গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা গিয়াস দেওয়ান উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ফখরুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়। 

এরপর রাত ৯টার দিকে ফখরুল ইসলাম টেকের বাজারে সরকারি কাগজপত্র ফটোকপি করতে গেলে গিয়াস দেওয়ান, তার ছেলে রিয়াজুল ইসলাম জিসান ও বাহেরচর এলাকার বাসিন্দা আজমাইন চৌধুরীসহ তিন-চার জন মিলে ফখরুল ইসলামকে মারধর করে।

এ বিষয়ে ফখরুল ইসলাম বলেন, জুন ক্লোজিং উপলক্ষে কিছু কাগজপত্র ফটোকপি করতে রোববার রাত ৯টার দিকে উপজেলার টেকের বাজারের একটি লাইব্রেরিতে যান। লাইব্রেরির পাশে চায়ের দোকানে থাকা গিয়াস দেওয়ান তাকে দেখতে পেয়ে তার অনুসারীদের নারিকেল গাছ কেন দেওয়া হয়নি জানতে চেয়ে তর্ক শুরু করে দেয়। 

এ সময় আরও কয়েকজন এসে তাকে মারধর করে রক্তাক্ত জখম করেছে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে হাসপাতালে গিয়ে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এ বিষয়ে জানতে বিএনপি নেতা গিয়াস দেওয়ানের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তাই অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার বলেন, “আমি ঢাকা ছিলাম। তবে বিষয়টি শুনেছি। বাবা ও ছেলের উশৃংখল কর্মকাণ্ডের জন্য দলের বদনাম হচ্ছে। বিষয়টি কেন্দ্রে জানানো হবে।”

পরিদর্শক (তদন্ত) জাহিদুল আলম বলেন, কৃষি কর্মকর্তা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় নামধারী তিনজন ও অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।