সিরাজগঞ্জে ‘৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি’ গ্রেপ্তার
মাদক নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করছিল ওই যুবক, বলছে ডিবি পুলিশ।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার ভোরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন।
গ্রেপ্তার মো. ফাহিম (২১) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর মহিশাবাড়ি এলাকার বাসিন্দা।
ওসি একরামুল হোসাইন বলেন, ফাহিম নিয়ে সদানন্দপুর এলাকার কড্ডা মহাসড়কের পাশে অপেক্ষা করছিল। তখন গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল গিয়ে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার দেহে ৫০০ গ্রাম হেরোইন মেলে।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে ওসি একরামুল হোসাইন বলেন, আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
