১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে রাজমিস্ত্রি ও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উল্লাপাড়ায় সেপটিক ট্যাংক থেকে রাজমিস্ত্রি এবং রায়গঞ্জের ফুলজোড় নদী থেকে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জে রাজমিস্ত্রি ও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেপটিক ট্যাংকে লাশ পাওয়ার খবরে উৎসুক জনতার ভিড়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

সিরাজগঞ্জে আলাদা দুই উপজেলা থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকালে উল্লাপাড়ায় সেপটিক ট্যাংক থেকে রাজমিস্ত্রি এবং রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে অজ্ঞাতপরিচয় একজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতদের মধ্যে রাশেদুল ইসলাম রাসু (৩৫) উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি রাজমিস্ত্রি ছিলেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান বলেন, শুক্রবার রাতে রাশেদুল তার মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে স্বজনরা তাকে আর খুঁজে পাননি। 

বৃহস্পতিবার রাশেদুলের বাড়ির পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। বিকালে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, লাশ উত্তোলনের পর স্বজনরা শার্ট ও লুঙ্গি দেখে রাশেদুলকে শনাক্ত করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। 

লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। 

অপরদিকে সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই সজিব হোসেন রাজু বলেন, রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীর ধানগড়া পূর্ব খেয়া ঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। 

বিকালে ঘটনাস্থল থেকে পচা গলা লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ওই ব্যক্তি ৬ থেকে ৭ দিন আগে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় ইউডি মামলা হয়েছে বলে জানান এসআই রাজু।