Published : 07 Aug 2026, 04:01 PM
নীলফামারীর সৈয়দপুরে বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সৈয়দপুর থানা পুলিশের ওসি রেজাউল করিম রেজা।
মারা যাওয়া স্মৃতি আক্তার (২০) ওই এলাকার মো. নাঈমুর হকের স্ত্রী। নাঈমুর বটতলী বাজারের একটি চায়ের দোকানে কাজ করেন।
নাঈমুরের বরাতে পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো শুক্রবার ভোরেও নাঈমুর দোকানের উদ্দেশ্যে বের হয়ে যান। তখন স্মৃতি আক্তার ঘুমাচ্ছিলেন।
সকালে তার উঠতে দেরি হওয়ায় স্বজনেরা ডাকাডাকি করেন। কিন্তু তার সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে সৈয়দপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ওসি রেজাউল করিম রেজা বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।