Published : 07 Apr 2026, 09:35 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে পচা কলা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের মধ্যে পচা কলা পাওয়া যায় বলে দাবি এলাকাবাসী ও অভিভাবকদের।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার।
অভিযোগ রয়েছে, শুধু কলাই নয় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা ডিম ও রুটির মানও ছিল নিম্নমানের। এতে শিশুদের স্বাস্থ্যের ঝুঁকির আশঙ্কা করছেন অভিভাবকরা।
খাবার সরবরাহ করা ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কলা সরবরাহের জন্য স্থানীয় এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে যারা নিম্নমানের কলা সরবরাহ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে কলা সরবরাহকারী স্থানীয় এজেন্ট সজল ফকির বলেন, “প্রতিদিন প্রায় ১৪ হাজার কলা সরবরাহ করতে হয়। এত বড় পরিমাণ সরবরাহে কিছু কলার মান খারাপ হতে পারে। কলাগুলো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা। ট্রাকে ওঠা-নামার সময় কিছু কলায় দাগ পড়ে।”
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ভবিষ্যতে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার বলেন, “শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা কিছু কলা নষ্ট ছিল, এটি আমরা তাৎক্ষণিকভাবে শনাক্ত করেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছি।”
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হবে।”
নলছিটি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ১৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৭৫৪ জনের বেশি শিক্ষার্থীকে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।