Published : 05 May 2026, 05:42 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান।
আহত মঈনুল হক লিপু দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য।
আহত সাংবাদিক মঈনুল হক লিপু বলেন, কয়েকদিন আগে তার চাচাতো বোনের একটি পানির মোটর চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ১ নম্বর ওয়ার্ডের আছলাম হোসেনের ছেলে শান্ত (২৫), চুন্নু সিকদারের ছেলে রিজন সিকদার (২২), শাকিল সিকদারসহ সাত-আটজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসা নেন।
মঈনুল হক লিপু বলেন, তিনি এখন থানায় আছেন। অভিযোগ দিচ্ছেন।
স্থানীয় একজন বলেন, “শান্ত এর আগেও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।”
রাজাপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি প্রেস ক্লাব নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।