১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি দখল ষড়যন্ত্রের প্রতিবাদ

জাল দলিলের মাধ্যমে ভূমি দখলের অপচেষ্টার মধ্য দিয়ে তাদের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 05:17 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স প্রকল্পের চলমান প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া বিক্ষুদ্ধ সংস্কৃতিকর্মী মঞ্চের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিক্ষুদ্ধ সংস্কৃতিকর্মী মঞ্চের উদ্যোক্তা ও অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি সাংবাদিক আবদুন নূর। সঙ্গীতাঙ্গনের সামনে সমাবেশে বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতি কেন্দ্রের সদস্য মতিলাল বণিক, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির।

বক্তারা বলেন, বিশ্ববরেণ্য সঙ্গীতাচার্য আলাউদ্দিন খাঁ শুধু ব্রাহ্মণবাড়িয়ারই নন, গোটা বাংলাদেশরই গর্ব। কিন্তু তার নামে তারই দেওয়া বাড়িতে প্রতিষ্ঠিত সঙ্গীতাঙ্গন নিয়ে বারবার ষড়যন্ত্র হয়েছে। প্রতিক্রিয়াশীল চক্র একাধিকবার অগ্নিসংযোগ করে প্রতিষ্ঠানটি ধ্বংসের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সম্প্রতি জাল দলিলের মাধ্যমে এর ভূমি দখলের অপচেষ্টার মধ্য দিয়ে তাদের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হচ্ছে।

বক্তারা বিশ্ববরেণ্য এ সঙ্গীতজ্ঞের স্মৃতি চিরভাস্বর করে রাখার জন্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের জায়গা ভূমিখেকোদের হাত থেকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে সকাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। 

সমাবেশের পর একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।