১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐকমত্য কমিশন: রিজভী

জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনিভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলে জানান বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 03:48 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

জুলাই জাতীয় সনদে বিএনপির সই করা পাতা বদল করে অন্য পাতা যুক্ত করে ঐকমত্য কমিশন জমা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।”

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাগ্রামের বাসিন্দা গফুর মল্লিকে আর্থিক সহায়তা প্রদানের পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে, মানুষ তা বিশ্বাস করতে পারছে না।”

জুলাই সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনিভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে বলে মনে করেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

‘ভেজাল ও প্রতারণামূলকভাবে’ তৈরি এ সনদ দেশের মানুষের সঙ্গে ‘প্রতারণা’ ছাড়া আর কিছু নয় বলে মনে করেন বিএনপির এ নেতা।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্যসচিব কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আসলাম মিঞা এবং সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।