Published : 24 Aug 2026, 11:44 AM
বগুড়ার সদর উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আশোকোলা পূর্বপাড়া এলাকায় রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানিয়েছেন।
নিহত সাইফুল ইসলাম (৫০) ওই এলাকার আবেদ আলী মণ্ডলের ছেলে। তিনি সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি সদস্য এবং পেশায় খামারি ছিলেন।
তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক তার পথরোধ করে।
কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সাইফুলকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে ওই অবস্থায় পাশের ধানি জমিতে ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি ইব্রাহীম আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত হিসেবে একটি জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”