Published : 25 Nov 2024, 10:23 AM
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু তুলতে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি আল মামুন জানান।
আহতরা হলেন-সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই এলাকার কুট্টি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।
তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তাল্লুক গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে আলম হাওলাদার ও পাপ্পু হাওলাদারসহ একটি ‘অসাধু চক্র’ দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু তোলা শুরু করে তারা। এ সময় নদের পাড়ের লোকজন বাঁধা দিলে তাদের ওপর অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে আলম, পাপ্পু ও তার সহযোগিরা। এ সময় হাতবোমার আঘাতে চম্পাসহ তিনজন আহত হয়।
ওসি আল মামুন বলেন, “ককটেলের আঘাতে আহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরির্দশন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আড়িয়াল খাঁ থেকে বালু তোলার বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, “বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন।
“এরইমধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া বেশকিছু ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।”