Published : 09 Dec 2025, 01:09 PM
চাঁদপুরের সদর উপজেলায় মায়ের সঙ্গে মক্তবে যাওয়ার পথে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার মহামায়া পশ্চিম বাজার সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর মিন্টু দত্ত জানান, নিহত শিশু মাহফুজ ‘জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসা’র শিক্ষক মাঈনুল হকের ছেলে এবং একই মাদ্রসার হেফজ বিভাগের ছাত্র।
শিশুটির মা জয়নব বেগম বলেন, তার হাত ধরে মক্তবে যাচ্ছিল ছেলে মাহফুজ। হঠাৎ হাত ছেড়ে সে দৌড় দেয়।
“এ সময় চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারগামী ‘সৌদিয়া বাস’ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহফুজের।”
ইন্সপেক্টর মিন্টু দত্ত বলেন, এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টা পর্যন্ত মহামায়া পশ্চিম বাজার এলাকা অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।