Published : 07 Aug 2025, 07:02 PM
জাতীয় সংসদের আসনের সীমানা পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধে আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাবাসী।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই অবরোধ। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজারো মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে সীমানা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে।
আগের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা বহাল রাখার দাবি জানান তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ অগাস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
খসড়া তালিকায় বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই ইউনিয়নগুলো হলো- বুধন্তী, চান্দুরা ও হরষপুর।
ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভে দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।