১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতের আমদানি বিধিনিষেধে বুড়িমারীতে আটকা ১৩ ট্রাক খাদ্যপণ্য

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।

ভারতের আমদানি বিধিনিষেধে বুড়িমারীতে আটকা ১৩ ট্রাক খাদ্যপণ্য
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 08:36 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

ভারতের আমদানি বিধি-নিষেধের কারণে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আটকে গেছে কয়েকটি প্রতিষ্ঠানের ১৩ ট্রাক খাদ্যপণ্য।

বুড়িমারী স্থলবন্দর ট্রেড সিন্ডিকেটের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি রেফায়েত হোসেন রোববার সন্ধ্যায় বলেন, “এখানে শনিবার রাতে প্রাণ আরএফএল গ্রুপের কয়েকটি ট্রাক আমাদের মাধ্যমে বন্দরে আসে। রোববার সকালে পণ্য রপ্তানির কথা থাকলেও ভারতের পক্ষ থেকে আমদানি নিষেধ থাকায় ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।”

তিনি জানান, ১১টি ট্রাকে বিভিন্ন ধরনের জুস, একটি ট্রাকে পটেটো ক্রেকার্স এবং আরেকটি ট্রাকে নুডুলস জাতীয় খাদ্যপণ্য রয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, “রোববার বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বন্দরে ২৪০টি ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। এর মধ্যে রয়েছে স্টোন বোল্ডার, ক্র্যাশ স্টোন, এলাচ, ভুটানি জুস ও প্যারাফিন।”

তিনি বলেন, “আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে খাদ্যপণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।”

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সরকার।

বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের এক মাসের মাথায় ভারতের এই পাল্টা নিষেধাজ্ঞা এল, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

গত বছর (২০২৩-২৪ অর্থবছর) বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

ভারতের আমদানি নিষেধাজ্ঞাবেনাপোলে আটকা ৩৬ ট্রাক পোশাক

এদিকে বন্দরে আটকেপড়া খাদ্যপণ্যবাহী ট্রাকগুলো রোববার বিকালে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বুড়িমারী কাস্টমস কর্মকর্তা রাশেদ হাসান জানান, ভারতে রপ্তানির জন্য প্রাণ-আরএফএল গ্রুপ, সজীব গ্রুপ ও আকিজ গ্রুপের বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বোঝাই ট্রাক আটকা রয়েছে। শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে এসব পণ্যবাহী ট্রাক বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছায়।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, “ভারত কিছু খাদ্যপণ্য ও তুলার সুতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এজন্য বুড়িমারী স্থলবন্দর থেকে এসব মালামাল ভারতে যাচ্ছে না। তবে এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি।”

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ১৭ হাজার ৬৫৯ কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি করে, গত অর্থবছরে তা প্রায় অপরিবর্তিত ছিল। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে ১৭ হাজার ৪২৫ কোটি টাকার পণ্য। চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে রপ্তানি হয়েছে ১১ হাজার ৫৭৭ কোটি টাকার পণ্য। যেসব দেশে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে, তার মধ্যে ভারত একটি, যেখানে প্রতিবছর প্রায় ৭০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। এর মধ্যে ৯৩ শতাংশের মত পোশাক পণ্য স্থলপথেই রপ্তানি হয়। ফলে ভারতের নতুন নিষেধাজ্ঞা এ খাতের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দেবে বলে ব্যবসায়ীদের শঙ্কা।