Published : 23 Aug 2026, 11:39 AM
বাগেরহাটের কচুয়ায় বাড়ির ভেতরে হাঁসের বিচরণকে কেন্দ্র করে বিরোধের জেরে লাঠির আঘাতে এক ব্যক্তির প্রাণ গেছে । এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে।
রাঢ়িপাড়া ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় নিহতের ভাতিজিসহ চারজনকে আটক করা হয়েছে বলে কচুয়া থানার ওসি মো. আল মামুন জানিয়েছেন।
নিহত ৬৫ বছর বয়সী বেদার মল্লিক ওই গ্রামের গোলাম হোসেন মল্লিকের ছেলে। তার লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় বেদারের ছেলে ২৬ বছর বয়সী কাইয়ুম মল্লিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মো. আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “বাড়ির ভেতর হাঁসের বিচরণকে কেন্দ্র করে বেদার মল্লিকের সঙ্গে তার ভাইয়ের মেয়ে ফাতেমা খাতুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।
“পরে ফাতেমা ও তার দুই ছেলে রমজান ও আব্দুল্লাহ বাঁশের লাঠি দিয়ে বেদার মল্লিককে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার ছেলে কাইয়ুমও আহত হন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ফাতেমাসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।